২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবির ডিনকে কুপিয়ে জখম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. মুশফিকুর রহমানকে কুপিয়েছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:23 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ফটকে এ হামলায় আহত ড. মুশফিককে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পাবিপ্রবির আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানার ওসি হানিফুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ক্লাশ শেষে বাসায় ফেরার গাড়ির জন্যে বিশ্ববিদ্যালয়ের ফটকে অপেক্ষা করছিলেন ড. মুশফিক।

এ সময় কয়েকজন বহিরাগত সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এসে কিছু বোঝার আগেই তাকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে বলে জানান ওসি।

শিক্ষক সমিতির সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।

প্রত্যক্ষদর্শী গণিত বিভাগের শিক্ষক কামরুজ্জামান জানান, কয়েকজন শিক্ষক বাসায় ফেরার জন্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মাইক্রোবাসের জন্যে অপেক্ষা করার সময় কয়েকটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী এসে মুশফিক স্যারের উপর হামলা চালায়।

ড. মুশফিকের চিৎকারে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায় বলে জানিয়েছেন এই শিক্ষক।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা জানান, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতি জরুরি সভায় বসেছে।

সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেড়িয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহাদী হাসান বলেছেন, সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবে।