মুন্সীগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হন চারজন।
বুধবার বেলা সোয়া ১২টার দিকে চালতি পাড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত অঞ্জলি দাস (৩৮) সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী চৈতন্য চন্দ্র দাসের স্ত্রী।
আহত হয়েছেন চৈতন্য চন্দ্র দাস (৪৩), তার দুই মেয়ে স্মৃতি দাস (১৩), ইতি দাস ও অটোরিকশা চালক মামুন। তাদেরকে স্থানীয় নিমতলা জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার এসআই মো. মোজাম্মেল হোসেন জানান, চালতিপাড়া এলাকায় ঢাকাগামী সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অঞ্জলি।
