যুদ্ধকালীন চার বিদেশি বন্ধুকে সম্মাননা দেবে বিএনপি
স্বাধীনতা সংগ্রামে যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে চার জনকে সন্মাননা জানাবে বিএনপি।
এরা হলেন- যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান প্রয়াত এডওয়ার্ড কেনেডি, যুক্তরাজ্যের সঙ্গীত শিল্পী প্রয়াত জর্জ হ্যারিসন, অস্ট্রেলিয়ার নাগরিক প্রয়াত ডাব্লিও এ এস ওডারল্যান্ড এবং ভারতের কলকাতা বেতারের সংবাদ ভাষ্যকার প্রয়াত সাংবাদিক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়।
আগামী ২০ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার বিদেশি বন্ধুর প্রতিনিধিদের হাতে সম্মাননা পদক তুলে দেবেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার দলীয় কর্মসূচি ঘোষণার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। সেখানে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে সমর্থনকারী বন্ধুদের সন্মাননা পদক দেয়ার কথাও জানান তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে যেসব বিদেশি বন্ধুরা আমাদের যুদ্ধে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছেন, বিভিন্ন দেশ ঘুরে আমাদের পক্ষে কথা বলেছেন, এরকম কয়েকজনকে আমরা সন্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছি। এবার আমরা চার বিদেশি বন্ধুকে মরণোত্তর সন্মাননা প্রদক প্রদান করবো।”
এরইমধ্যে দূতাবাসের মাধ্যমে ওই চার জনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানান তিনি।
ইশতিয়াক বলেন, “দেশীয় পর্যায়ে স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসেবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্মাননা পদক প্রদান করা হবে। তিনি দেশের ওই সময়ের ক্রান্তিকালে যুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন বলে তাকে শ্রেষ্ঠ অহঙ্কার হিসেবে এই পদক প্রদান করার সিদ্ধান্ত হয়েছে।”
মুক্তিযোদ্ধা দলের অন্যতম নেতা সাদেক আহমেদ খান জানান, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের কংগ্রেস সদস্য এডওয়ার্ড কেনেডি সে দেশের কংগ্রেসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন দেশে প্রচার চালান।
ভারতের আকাশবাণী বেতার কেন্দ্রের সংবাদ পরিক্রমা অনুষ্ঠানের মাধ্যমে একাত্তরে মুক্তিযুদ্ধের কথা বলতেন সংবাদ ভাষ্যকার দেবদুলাল বন্দ্যোপাধ্যায়।
যুক্তরাজ্যের সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সঙ্গীতের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। আর অস্ট্রেলিয়ার নাগরিক ওডারল্যান্ড মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেয়ায় তাকে বীরপ্রতীক পদক দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার।
সাদেক আহমেদ খান বলেন, ২০০৩ সালে মুক্তিযোদ্ধা গণপরিষদ সংগঠনের পক্ষ থেকে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ওডারল্যান্ড ও কর্নেল জিয়াউদ্দিনকে সন্মান দেয়া হয়েছিল। তখন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ওডারল্যান্ডের সন্মাননা গ্রহণ করেন।
“তবে এবার আমরা সংশ্লিষ্ট চার বন্ধুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি। সেসব দেশের দূতাবাসের মাধ্যমে এই যোগাযোগ চলছে। পরিবারের সদস্যরা না আসতে পারলে সংশ্লিষ্ট দূতাবাসকে তাদের পক্ষে পদক গ্রহণের জন্যও আমরা চিঠি দেব।”
