পানির দাবিতে কৃষকদের সড়ক অবরোধ
তিস্তা ব্যারেজ থেকে পানি সরবরাহের দাবিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে কৃষকরা।
প্রায় এক হাজার কৃষকের এ কর্মসূচির ফলে সড়কের উভয় পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। বন্ধ হয়ে যায় দিনাজপুর-রংপুরের সড়ক যোগাযোগ।
পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে রোববারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিকাল সাড়ে ৩টায় কৃষকরা অবরোধ তুলে নেয়।
অবরোধে অংশ নেয়া কৃষক রেজ্জাকুল ইসলাম ও বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমের শুরুতে পানি সরবরাহ করা হলেও হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। কী কারণে বন্ধ তাও জানানো হচ্ছে না।
