ফটিকছড়িতে আসামি ধরতে গিয়ে হামলায় ৬ পুলিশ আহত
চট্টগ্রামের ফটিকছড়িতে জমি সংক্রান্ত বিরোধের একটি মামলার আসামিদের ধরতে গিয়ে হামলায় ওসিসহ ছয় পুলিশ আহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বড় টিলা এলাকায় এ ঘটনার পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানিয়েছেন।
আহতরা হলেন- ফটিকছড়ি থানার ওসি শাহজাহান ভুঁইয়া, এসআই শফিকুল ইসলাম, এএসআই আব্দুর রউফ, কনস্টেবল কালা মিয়া, কনস্টেবল মং স চি মারমা ও সারওয়ার আলম।
এদের মধ্যে শফিকুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সহকারী পুলিশ সুপার নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে রাত ৩টার দিকে বড় টিলা এলাকায় যায় পুলিশ।
“আসামির বাড়ির লোকজন ডাকাত পড়েছে বলে স্থানীয়দের জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়।”
ফটিকছড়ি থানার এসআই রূপল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি সামাল দিতে ৩১ রাউন্ড গুলি ছোড়া হয়।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
