চট্টগ্রামে ইয়াবাসহ আটক ২
চট্টগ্রামের বাকলিয়া থেকে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাকলিয়ার খালপাড় ফুলতলা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজার এলাকার সুবল দাসের ছেলে জ্ঞান দাশ (৩৫) ও উখিয়ার বিরেন্দ্র শর্মার ছেলে কাজল শর্মা (৩০)।
র্যাব-৭ এর এএসপি মফিজুল ইসলাম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালপাড় ফুলতলা এলাকার ৩ নম্বর বাসায় ইয়াবা ব্যবসায়ীরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় দুই হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সকালে মামলা দায়ের করে দুইজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
