পূর্ব রেলের দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দী শেষ
পূর্ব রেলের নিয়োগে দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বাদীর জবানবন্দী শেষ হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে অসমাপ্ত জবানবন্দী দেন মামলার বাদী ও দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।
দুদকের পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তরের পর সোমবার মামলার বাদী তার অসমাপ্ত জবানবন্দী শেষ করেন।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ‘ফুয়েল চেকার’ পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলাটিতে প্রথম দিনের মত জবানবন্দী দেন বাদী।
আদালত আগামী ২৫ মার্চ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত বলে জানান পিপি মাহমুদুল হক।
এ মামলার আসামিরা হলেন- পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া, সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান ও দুই নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।
এদের মধ্যে ইউসুফ আলী মৃধা গত সোমবার আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তার আগে গত রোববার অন্য দুই আসামি আবুল কাশেম ও আনিসুর রহমান আদালতে আত্মসর্মপন করেন। অন্য দুই আসামি পলাতক আছেন।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি এ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পূর্ব রেলের সাবেক জিএম মৃধার বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে মোট ১৩ টি মামলা রয়েছে।
এর মধ্যে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।
বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।
এরপর রেলওয়ের পূর্বাঞ্চলের রেলের ছয়টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করেন।
