২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি চূড়ান্ত করতে আলোচনার তাগিদ বিমসটেকে

২০১৪ সালের মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার প্রক্রিয়া চূড়ান্ত করতে বিমসটেকভুক্ত সদস্য দেশগুলোর প্রধানরা আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 11:28 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

‘সোনার বাংলায় পৌঁছে দেবে বিমসটেক’

ঢাকায় বিসমটেক সচিবালয়কে স্বাগত মনমোহনের

মিয়ানমারের রাজধানী নে পি টো-তে মঙ্গলবার জোটের তৃতীয় শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় জোটের নেতারা এ আলোচনার জন্য গঠিত কমিটিকে নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী, মিয়ানমার ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন।

সাত জাতির এই জোটের সদস্য দেশগুলোর সম্মিলিত উন্নয়নের আহ্বান জানানোর মধ্যে দিয়ে শেষ হয়েছে এর তৃতীয় সম্মেলন।

বিমসটেক সদস্যরা ২০০৪ সালে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ থাইল্যান্ড ও মিয়ানমারের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল এবং শ্রলীঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার বিষয়ে একমত হয়।

তবে এ ধরনের অঞ্চল গড়ে তোলার জন্য প্রয়োজনীয় আইন ও নীতি এখনো চূড়ান্ত না হওয়ায় সেই উদ্যোগ এখনো আলোর মুখ দেখেনি।

যৌথ ঘোষণায় নেতারা ১৯৯৭ সালে ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন’ নামে বিমসটেক গড়ার মূল্য উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে এর সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে দ্রুত আলোচনা শুরুর সিদ্ধান্তের কথা জানান।

এ অঞ্চলের ভূতাত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যগত মিল জোটের সদস্য দেশগুলোর মধ্যে ‘ঘনিষ্ঠ ও গভীর সম্পর্কের’ মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন নেতারা।

এছাড়া প্রাকৃতিক ও মানব সম্পদের প্রাচুর্য নিজেদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করেন।

এবারের সম্মেলনে সদস্য দেশগুলো পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নে ১৪টি ক্ষেত্র চিহ্নিত করে।

এসবের মধ্যে রয়েছে- বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, মৎস্য সম্পদ, কৃষি, সাংস্কৃতিক সহযোগিতা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, জনগণের মধ্যে যোগাযোগ, দারিদ্র্য দূরীকরণ, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তন।

যৌথ ঘোষণায়ও এ ক্ষেত্রগুলোর ওপর জোর দিয়ে বলা হয়, আঞ্চলিক সহযোগিতা আরো বাড়াতে সুযোগ করে দেবে বিমসটেক। একইসঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জও নেবে জোট।

বিমসটেক দেশের সরকারপ্রধানরা নিজেদের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দেশগুলোর কারিগরি দক্ষতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন।

বিমসটেক টেকনোলজি ট্রান্সফার ফ্যাসিলিটির বিষয়ে একটি সহযোগিতা স্মারক চূড়ান্ত করার কাজও এগিয়ে নেয়ার বিষয়ে মত দিয়েছেন তারা। স্বাস্থ্যখাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মত দিয়েছেন নেতারা।

যৌথ ঘোষণায় বিমসটেক নেটওয়ার্ক অফ পলিসি ট্যাঙ্কস গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জনসচেনতা সৃষ্টিতে নিজেদের মধ্যে সহযোগিতা করার কথা বলা হয়েছে।

২০১২ সালে নেপালে অনুষ্ঠিত জোটের মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকে দারিদ্র্য দূর করতে যে কর্মপ্রক্রিয়ার কথা বলা হয়েছিল, তা দ্রুত বাস্তবায়নেও জোর দিয়েছেন নেতারা।

দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত জোটের মন্ত্রী পর্যায়ের তৃতীয় বৈঠকটি এ বছরের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করার মত ব্যক্ত করেছেন রাষ্ট্র নেতারা।

এবারের সম্মেলনে ভারতে জলবায়ু পরিবর্তন কেন্দ্র ও ভুটানে কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরি স্থাপনে দুটি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে।

এছাড়া প্রায় দুই বছর আগে বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী বিমসটেকের স্থায়ী সচিবালয় স্থাপনের বিষয়েও একটি সহযোগিতা চুক্তি হয়েছে সম্মেলনে।

সচিবালয় স্থাপনের জন্য ঢাকার গুলশানে সরকার জমিও বরাদ্দ দিয়েছে।

যৌথ ঘোষণায় এসব চুক্তিকে স্বাগত জানিয়ে স্থায়ী সচিবালয়ের জন্য জমি বরাদ্দ দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো হয়।

বিমসটেকের প্রথম মহাসচিব হিসেবে শ্রীলঙ্কার সুমিথ নাকানদালাকে অভিনন্দন জানানো হয়েছে যৌথ ঘোষণায়।