শেষ হলো সুলতান মেলা
নানা অনুষ্ঠান ও বৈচিত্র্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে শেষ হয়েছে আট দিনব্যাপী সুলতান মেলা।
মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রশিল্পী প্রফেসর মনসুর উল করিম (৬৪) কে এ বছর সুলতান পদক কে ভূষিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট চিত্রশিল্পী মনসুর উল করিমকে এ বছর সুলতান পদক দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গাফফার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুলতান পদককে ভূষিত চিত্রশিল্পী মনসুর উল করিম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস, পুলিশ সুপার মো. মনির হোসেন প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গত ২৫ ফেব্রুয়ারি এ মেলার শুরু হয়।
মেলায় আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, হা-ডু-ডু, কাবাডি, হ্যান্ডবল, দাড়িয়াবান্দা, ডাংগুলি, এক্কাদোক্কা, মোরগ লড়াই, বৌচি, দড়িলাফ, কুস্তি ও ষাঁড়ের লড়াই, লাঠিখেলা, ভলিবল খেলা, সংগীত, নৃত্য, নাটক, বাউল সংগীত, জারি ও কবিগান।
মেলা চলাকালীন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া প্রতিদিন বিকালে শিল্পী সুলতানের জীবন ও কর্মের উপর সেমিনারের আয়োজন করা হয়। প্রতিদিন সন্ধ্যায় সুলতান মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দেশের বিভিন্ন স্থান থেকে পসরা নিয়ে মেলার মাঠে হাজির হন ব্যবসায়ীরা।
মেলা এ বছর আয়োজন সম্পর্কে এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু বলেন, “আট দিনব্যাপী এ আয়োজনে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। সকলের অংশগ্রহণে এ মেলা সফল হয়েছে বলে আমরা মনে করি।”
এ বছর সুলতান পদকে ভূষিত চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ফাইন আর্টস এর অধ্যাপক মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এ বিশ্ববিদ্যালয়েই প্রভাষক হিসেবে যোগ দেন।
শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট চিত্রা পাড়ের নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মেছের আলি এবং মাতা মোছা. মাজু বিবি। ১৯৮২ সালে এই গুণী শিল্পী একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদককে ভূষিত হন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।
