উল্লাপাড়ার হত্যার ঘটনায় আটক ৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি খুনের ঘটনায় দেড়মাস পর চার জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া শহরের শ্যামলীপাড়া বাস টার্মিনাল থেকে আটক করা হলেন উপজেলার উধুনিয়া ইউনিয়নের বরাত আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮),বড় কোয়ালীবেড় গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আশরাফুল ইসলাম (২৩),চাদ আলীর ছেলে মানিক (২৪)ও হায়দার ফকিরের ছেলে আশরাফুল ইসলাম (২২)।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,জিজ্ঞাসাবাদে এরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটকদের মধ্যে জহুরুল ইসলাম ও মানিক পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলেও জানান তিনি।
গত ১৯ জানুয়ারি রাতে বড় কোয়ালীবেড় গ্রামের জাবেদ আলীর ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক সেলিম রেজাকে (২০)জবাই করে ও দুপায়ের রগকেটে হত্যা করে দুর্বত্তরা।
হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
পরদিন একই ইউনিয়নের চকপাড়া এলংজানী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
