ঝালকাঠীতে প্রতিমা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শুক্তাগড় ইউনিয়নের শুক্তাগড় গ্রামের বিশ্বাস বাড়িতে এ হামলা হয় বলে গৃহকর্তা সুভাষ বিস্বাস জানান।
এ ঘটনায় সুভাষ বিশ্বাসের ছেলে উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেছেন।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় উত্তম কুমার বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এদের মধ্যে আগে গ্রেপ্তার ছিদ্দিক মিয়া (৪৫) ও তার ভাগ্নে লিমনও (২০) রয়েছেন।
ঝালকাঠী জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা আক্তার ও রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মামলার বরাত দিয়ে গৃহকর্তা অবসরপ্রাপ্ত ডাক পিয়ন সুভাষ বিস্বাস (৬৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে তাদের মন্দিরের জমি নিয়ে প্রতিপক্ষের সিদ্দিক মিয়ার সঙ্গে তার দুই ছেলের কথা কাটাকাটি হয়।
এরপর সিদ্দিক তার দলবল নিয়ে বাড়িতে হামলা চালান।
হামলাকারীরা বাড়ির গোয়াল ঘরটি সম্পূর্ণ পুড়িয়ে দেয় এবং কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করে।
মামলার বাদী উত্তম কুমার বিশ্বাস (৪০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে একই এলাকার সিদ্দিক মিয়ার সঙ্গে জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছে।
সকালে কথা কাটাটাটির পর ‘ভাড়াটিয়া গুণ্ডাবাহিনী’ নিয়ে হামলা চালায় সিদ্দিক। হমালাকারীরা ঘরের চাল-ডাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়, বলেন উত্তম।
