‘সতর্কতার অভাবে ট্যাংকার বিস্ফোরণ’
পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে ট্যাংকার পরিষ্কার করতে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ড হয় বলে তদন্তে বেরিয়ে এসেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে এ ঘটনার জন্য যমুনা অয়েলের দুই কর্মকর্তাকে প্রত্যক্ষভাবে দায়ী করার পাশাপাশি কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনাকেও দোষারোপ করা হয়েছে।
মঙ্গলবার বিপিসি চেয়ারম্যান ইউনুসুর রহমান জানান, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে।
এতে বলা হয়েছে, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় ট্যাংকার খালি করার সময় ভিতরে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর জন্য যমুনা অয়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা (অপারেশন) মুশফিকুর রহমান এবং সহকারী মহাব্যবস্থাপক আবুল বাশারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে মুশফিকুরকে ঘটনার পরদিনই সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় অবস্থিত যমুনা অয়েলের ডিপোর ভেতরে ট্যাংকার বিস্ফোরণে নয় শ্রমিক দগ্ধ হন।
পরদিন ঘটনা তদন্তে বিপিসির পরিচালক (বিপণন) রেজাউন হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। সোমবারের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
