সুপ্রিম কোর্ট বারে খসরু-বুদুর নেতৃত্বে আওয়ামী প্যানেল
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত খন্দকার মাহবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকন প্যানেলের বিরুদ্ধে লড়তে আব্দুল মতিন খসরু ও রবিউল আলম বুদুর নেতৃত্বে প্যানেল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
২০১৪-১৫ কার্যবর্ষের নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একক প্যানেল চূড়ান্ত হয়েছে বলে আওয়ামী লীগের সংসদ সদস্য ও আইনজীবী নেতা নুরুল ইলাসম সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আগামী ১২ ও ১৩ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ আগেই তাদের প্যানেল ঠিক করলেও বিভক্ত আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা একটি প্যানেল চূড়ান্ত করতে পারেনি। ফলে সভাপতি, সম্পাদকসহ পদগুলোতে সমন্বয় পরিষদের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
গত তিনবারের হারের প্রেক্ষাপটে সমঝোতার পর সোমবার সমন্বয় পরিষদের অন্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে ১ জন, সম্পাদক পদে চারজন, কোষাধ্যক্ষ পদে চারজন, সহকারী সম্পাদক পদে তিনজন, সদস্য পদে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এর ফলে সরকার সমর্থক প্যানেলে সভাপতি প্রার্থী হিসাবে থাকছেন সাবেক আইনমন্ত্রী মতিন খসরু। সম্পাদক প্রার্থী রবিউল আলম বুদু।
এই প্যানেলের সহ-সভাপতি পদে আবুল খায়ের ও হোসনেয়ারা বেগম এবং কোষাধ্যক্ষ পদে মো. আমির হোসেন প্রার্থী হয়েছেন। সহকারী সম্পাদক পদে রয়েছেন মো. হাবিবুর রহমান দুলাল ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ।
সদস্য পদের প্রার্থী হয়েছেন- একেএম দাউদুর রহমান মিনা, অমিত দাশগুপ্ত, ফিরোজ আলম, গুলশানা বিনতে জামান, মো. আব্দুল আজিজ মিয়া (মিন্টু), মো. নওশের আলী মোল্লা, সালমা হাই তুনি।
গত কয়েকবারের বিজয়ী ঐক্য পরিষদ সভাপতি পদে প্রার্থী করেছে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুবকে। সম্পাদক পদে লড়বেন বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এমপি।
এই প্যানেলের সহসভাপতি প্রার্থী হিসাবে রয়েছেন, মো. খালেদ আহমেদ ও রফিকুল ইসলাম মেহেদি। মাসুদ আহমেদ সাইদ এই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে প্রার্থী। সহকারী সেক্রেটারি পদে প্রার্থী রয়েছেন একেএম রেজাউল করিম খন্দকার ও নাসরিন আক্তার।
৭ সদস্য পদে বিএনপি জোট সমর্থিত প্যানেল থেকে প্রার্থী রয়েছেন,-আফসানা রশিদ শুভ্রা, মো. আসাদুজ্জামান আনসারী, মো. জাহাঙ্গীর জমাদার, মো. মোস্তফা কামাল, মোহাম্মদ আইয়ুব আলী, সালমা বেগম ও শামীমা আক্তার বানু।
নির্বাচন উপ-কমিটির আহ্ববায়ক মো. নুর হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভাপতি পদে চারজন, দুই সহ-সভাপতি পদে চারজন, সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে তিনজন, দুই সহকারী সম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সভাপতি পদে দুই প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল মমিন চৌধুরী ও মো. ইউনুস আলী আকন্দ। সম্পাদক পদে রয়েছেন আবু ইয়াহিয়া দুলাল।
দুই প্যানেলের বাইরে সহকারী সম্পাদক পদে এবিএম শফিকুল ইসলাম বিপ্লব, কোষাধ্যক্ষ পদে মো. আবুল হোসেন, সদস্য পদে মো. আবুল কালাম আজাদ, মো. হাবিবুর রহমান হাবিব প্রার্থী হয়েছেন।
১২ ও ১৩ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ হবে। দুদিনই দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। এবার সমিতিতে মোট ভোটার ৪ হাজার ৫৪ জন।
