২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি খুলছে ১০ মার্চ

বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার পর বন্ধ হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে আগামী ১০ মার্চ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার সন্ধ্যায় উপাচার্য মিজানউদ্দিনের বাসায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্বান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৫টায় মিটিংটি শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৭টায় শেষ হয়। হলগুলো বিশ্ববিদ্যালয় খোলার একদিন আগে ৯ মার্চ সকাল ৯টা থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার মিটিং, মিছিল, দেয়ালে পোস্টার সাঁটানোসহ সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।

ক্যাম্পাসে ‘অপ্রীতিকর’ ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

গত ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এঘটনাকে কেন্দ্র করে ওই রাতে জরুরি সিন্ডিকেট বৈঠকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

বৈঠকে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক খালেকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তবে, এখনো কমিটি তদন্ত প্রতিবেদন দেয়নি।

এ ব্যাপারে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দিয়েছে।

এদিকে, সোমবার দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বক্তব্যে ২ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কটের সমধান হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহার করলেও সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু রাখার ব্যাপারে অনড় রয়েছেন।