২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ইটভাটা থেকে ১৪ শ্রমিক উদ্ধার, আটক ২ 

নরসিংদীর পলাশ উপজেলায় একটি ইটভাটায় শ্রমিকদের আটকে রেখে নির্যাতনের অভিযোগে ভাটার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 08:43 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত রোববার রাতে কাজিরচর এলাকার এম এ ব্রিকস নামের ওই ইটভাটা থেকে শিশুসহ ১৪ জনকে উদ্ধার্ করে।

আটক ইটভাটার মালিক হলেন আব্দুল আজিজ। আরেকজনের নাম জানা যায়নি।

উদ্ধার ১৪ জনের মধ্যে চারটি শিশু ও ১০ জন শ্রমিক রয়েছেন। তাদের সবার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

জেলা প্রশাসক ওবায়দুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ইটভাটাটির মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ভাটার মালিকপক্ষের নির্যাতনে গত ২০ ফেব্রুয়ারি ওখান থেকে আটক ইকবাল ও সোহেল নামে দুই শ্রমিক পালিয়ে যায়।

এরপর তারা সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেন।

উদ্ধার হওয়া শ্রমিক শিউলি আক্তার ও আয়েশা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদেরকে রাতের বেলা তালাবদ্ধ ও দিনের বেলা পাহারা দিয়ে রাখা হতো।

“সপ্তাহে তিন দিন কিছু চাল আর অল্প সবজি দিত। বাকি তিন দিন না খেয়ে থাকতে হয়েছে।”

ইকবাল ও সোহেল পালিয়ে যাওয়ার রাতে মুসা ও মকবুল নামে দুজনসহ মোট তিনজন ঘরে ঢুকে তাদের নির্যাতন ও মারধর করে বলেও জানান তারা।

জেলা প্রশাসন ও নির্যাতনের শিকার হওয়া লোকজন জানায়, গত বছরের অক্টোবরে মানিকগঞ্জের মোবারক হোসেন নামের এক শ্রমিক সর্দারের সঙ্গে চুক্তিতে পাইকগাছার ৪৫ জন এম এ ব্রিকসে শ্রমিক হিসেবে যোগ দেন।

গত ডিসেম্বরে মোবারক হোসেন ইটভাটার মালিক আবদুল আজিজের কাছ থেকে সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এতে আজিজ ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের মজুরি না দিয়ে আটকে রেখে কাজ করান।

এ কারণে কয়েকদিনের মধ্যে প্রায় ৩৫ জন শ্রমিক পালিয়ে যান। এরপর নজরদারি বাড়িয়ে দেওয়ায় বাকিরা পালাতে পারেননি।