ভূমি অফিসে মন্ত্রীর ঝটিকা সফর, বরখাস্ত ১
চট্টগ্রামের কয়েকটি ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন করার পর এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং দুই জনকে বদলির আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
অনিয়ম এবং আগত সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে প্রতিমন্ত্রী সোমবার দুপুরে কাট্টলী, চান্দগাঁও ও চট্টগ্রাম সদর ভূমি অফিস পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ পরিদর্শন করেন।
এসময় তিনি কাট্টলী ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শফিক উদ্দিনকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।
এছাড়া দুইজনকে বদলির আদেশও দেন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক আগত সাধারণ মানুষের নানাভাবে হয়রানি ও ভোগান্তির স্বীকার হওয়ার অভিযোগ রয়েছে।
“কাট্টলী ভূমি অফিসের কর্মকর্তা শফিক উদ্দিনের কাছে অভিযোগ নিষ্পত্তিতে কালক্ষেপণ এবং রাজস্বের অতিরিক্ত টাকা থাকায় সাময়িক বরখাস্ত ও অপর দুইজনকে বদলির আদেশ দেয়া হয়।”
ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ করতে চাই।
