২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন করতে এসে অস্ত্রসহ যুবক আটক !

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রোববার রাতে গুরিভর্তি সাটারগানসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

দিয়ারগাড়ফা গ্রামে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহর বাড়ির সামনে থেকে আটক রবিউল ইসলাম (২৬)সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহকোলা গ্রামের নান্নু ইসলামের ছেলে।

চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহকে হত্যা করতে রবিউল এখানে এসেছিলেন বলে থানায় অভিযোগ করেছেন আতাউর রহমান নিজে।

বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহকে হত্যা করতে এসেছে সন্দেহে স্থানীয়রা রবিউলকে আটক করে পুলিশে দেয়।

এ সময় আব্দুস সাত্তার নামে তার এক সহযোগী পালিয়ে যায় বলেও জানান তিনি।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই  কৃষ্ণমোহন সরকার বলেন,আটকের পর জিজ্ঞাসাবাদে চেয়ারম্যান আতাউর রহমানকে খুন করতে আসার কথা স্বীকার করেছে ওই যুবক।

এ ঘটনায় সোমবার বেলা সাড়ে ১১টায় রবিউল ইসলাম,দিয়ারগাড়ফা গ্রামের নবীর উদ্দিনের ছেলে বকুল হোসেনসহ চার জনের নামে হত্যা চেষ্টা ও অস্ত্র বহনের অভিযোগে একটি মামলা করেছেন আতাউর রহমান জিন্নাহ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই কৃষ্ণমোহন আরো বলেন, তারা স্থানীয় চা স্টলে বসে জিন্নাহ চেয়ারম্যানের পরিচয় জানার চেষ্টা করছিল।

তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয়রা রবিউলকে আটক করে। এ সময় আব্দুস সাত্তার পালিয়ে যান। পরে রবিউলকে তল্লাশি করে একটি দেশি সাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।