২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি পরওয়ারকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

জামায়াতে ইসলামীর কারাবন্দি নেতা মিয়া গোলাম পরওয়ারকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 12:21 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার কমিশন বৈঠকে এই অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মমর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,এখন অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে।

গত ২৯ জানুয়ারি খুলনা ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সাবেক সংসদ সদস্য পরওয়ার এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানির সম্পদ অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক।

দুদকের উপপরিচালক ফরিদ উদ্দিন পাটোয়ারী জামায়াত নেতার সম্পদ অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন।

দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ সদস্য থাকাকালে পরওয়ারের বিরুদ্ধে সরকারি পাট কল দখল, সরকারি প্রকল্প থেকে কমিশন নেয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

গত শতকের ’৮০ এর দশকে খুলনা ইসলামিয়া কলেজের প্রভাষক ছিলেন পরওয়ার। ১৯৯৬ সালে তিনি খুলনা বিভাগীয় শাখার আমির নির্বাচিত হন। ২০১৩ সালের ৮ আগস্ট থেকে তিনি কারাবন্দি।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৫ মার্চ সকাল ১০টায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হককে দুদকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন উপ পরিচালক মিসবাহ উদ্দিন।