‘শিক্ষিকার’ হামলায় আহত প্রধান শিক্ষক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা ও তার স্বামীর হামলায় প্রধান শিক্ষক আহত হওয়ার অভিযোগ উঠেছে।
গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলায় আহত মোখলেছুর রহমানকে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রোববার কালিয়াকৈর থানায় মামলা করেছেন আহত মোখলেছুর রহমান।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হামলার ঘটনায় গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার (২৮) ও তার স্বামী সাইদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, শিক্ষিকা শিরিন আক্তার নিয়মিত বিদ্যালয়ে আসেন না। শনিবারও বিদ্যালয়ে আসেন দুপুর আড়াইটায়। বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে হাজিরা দিতে গিয়ে দেখেন হাজিরা খাতায় অনুপস্থিত দিয়ে রাখা হয়েছে।
এ সময় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান তার কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চান। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে তার স্বামী সাইদুর রহমানকে খবর দিয়ে আনেন।
মামলায় আরো বলা হয়, সাইদুর রহমান একটি দা নিয়ে বিদ্যালয়ে আসেন। এরপর শিক্ষিকা শিরিন ও স্বামী সাইদুর প্রধান শিক্ষককে এলোপাথাড়ি পেটাতে থাকেন।
এক পর্যায়ে দা দিয়ে মাথা ও কপালে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করেন।
পরে বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
