২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব রেলের দুর্নীতি মামলার দুই আসামি কারাগারে

পূর্ব রেলের ফুয়েল চেকার পদে নিয়োগে দুর্নীতির মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:28 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন- ফুয়েল চেকার পদে নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পলাতক দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

বিচারক সেই আবেদন নাকচ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আগামী ৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।

এ মামলার অন্য তিন আসামি হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

পূর্ব রেলের ফুয়েল চেকার পদে নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১০ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।

নম্বরপত্রে ঘষামাজা করে উত্তীর্ণ ব্যক্তিকে অনুত্তীর্ণ এবং অনুত্তীর্ণ ব্যক্তিকে উত্তীর্ণ করার অভিযোগে তিন রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ অগাস্ট দেয়া অভিযোগপত্রে দুই নিয়োগ প্রত্যাশীকেও আসামি করে দুদক। এরপর গত ৫ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি দুদক কর্মকর্তা এস এম রাশেদুর রেজা, একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাও তিনি।