২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় আ.লীগের সমর্থন ‘বহিষ্কৃত’ কামালকে

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের ‘বহিষ্কৃত’ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আকনকে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত ফ্যাক্স বার্তা রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের হাতে এসে পৌছায়।

এরআগে গত ১৫ ফেব্রুয়ারি এক সংবর্ধনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

অন্যদিকে, আগামী ১৫ মার্চের নির্বাচনে মিলনই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বলে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন দাবি করেছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেলের বিরুদ্ধে প্রচারে অংশ নেয়ায় দলীয় শৃংখলাভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুলসহ ১০ নেতাকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।

তাদের বহিষ্কার আদেশ চেয়ে গত ৩ জানুয়ারি জেলা কমিটির পাঠানো চিঠি কেন্দ্রীয় কমিটি গ্রহণ করেনি বলে জানায় জেলা নেতারা।

ডা. মোজাম্মেল হোসেন রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দশম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রী আমাকে দলীয় মনোনয়ন দেন।

“কিন্তু শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনসহ ১০ নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমার বিরুদ্ধে প্রচারে অংশ নেন।

“সে সময় দল তাদের বহিষ্কার করে।

“আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদক বিএম মোজাম্মেল হকসহ তিন সদস্যের একটি দল বাগেরহাটে সব উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদের দলীয় সমর্থিত প্রার্থী ঠিক করতে আসেন।

“তার সঙ্গে আলোচনা করেই মিলনকে দলীয় সমর্থন দেয়া হয়েছে।”

তবে কেন্দ্র থেকে ফ্যাক্সবার্তা পাওয়ার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেন, “উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আগামী ১৫ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

“কামাল এখন দলীয় প্রার্থী।”