বাগেরহাটে বাল্যবিয়ে, বর-কনের বাবার দণ্ড
বাগেরহাটের মোরেলগঞ্জে স্কুলপড়ুয়া মেয়ের বিয়ে দেয়ার অপরাধে কনে ও বরের বাবা এবং মসজিদের ইমামকে অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম।
শনিবার বিকালে রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামে সপ্তম শ্রেণির ওই ছাত্রীর বিয়ে চলাকালে এ ব্যবস্থা নেয়া হয়।
ইউএনও আব্দুল হালিম জানান, বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী বর ও কনের বাবার কাছ থেকে এক হাজার টাকা করে এবং মসজিদের ইমাম থেকে পাঁচশত টাকা জরিমানা আদায়ের পর স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়।
তিনি জানান, দুপুরে কামলা গ্রামের লিল্টু হাওলাদারের মেয়ের সঙ্গে পাশ্ববর্তী কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের জব্বার পাইকের কলেজে পড়া ছেলে জামাল পাইকের বিয়ের আয়োজন করা হয়।
“সেখানে গিয়ে দেখি স্থানীয় কামলা বাজার জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম ওই বিয়ে পড়াচ্ছেন। বিয়ে পড়ানো অবস্থায় ছেলের বাবা, মেয়ের বাবা এবং বিয়ে পড়ানো কাজীকে আটক করে মোরেলগঞ্জ উপজেলা পরিষদে নিয়ে আসি।”
