২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণঘাতী রোগের ঝুঁকি এড়ানো সম্ভব

খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে হৃদরোগ ও স্তন ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করেন সিঙ্গাপুরের দুই বিশেষজ্ঞ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 09:38 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে এক সেমিনারে এই মত দেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুই চিকিৎসক।

‘হৃদরোগ ও স্তন ক্যান্সারের প্রাক-নিরূপণ ও চিকিৎসার উপায়’ বিষয়ে সেমিনারে বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. লিম ইয়েন টেং ও স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. টান ইয়াহ ইউয়েন।

লিম ইয়েন টেং বলেন, পরিমিতি খাদ্যাভাসের মাধ্যমে হৃদরোগে ঝুঁকি ও ভয়াবহতা কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি রক্তনালী বিষয়ক রোগ সম্পর্কে সবার সাধারণ ধারণা থাকতে হবে।

টান ইয়াহ ইউয়েন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দ্রুত ও নিখুঁতভাবে স্তন ক্যান্সার সনাক্ত করা জরুরি। এজন্য প্রয়োজন যথাযথ শিক্ষা, পারিবারিক উপলব্ধি ও সামাজিক দায়বদ্ধতা।

শনিবার সকালে একদিনের সফরে চট্টগ্রামে আসেন দুই চিকিৎসক। তারা নগরীর শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিজ পরিদর্শন শেষে একটি রেস্টুরেন্টে চট্টগ্রামের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকালে সংবাদ সম্মেলন এবং সবশেষ সন্ধ্যায় পার্কওয়ে পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারের (চট্টগ্রাম) আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়।

পার্কওয়ে হসপিটাল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের অধীনে মাউন্ট এলিজাবেথ হাসপাতালসহ মোট চারটি হাসপাতাল আছে। পাশাপাশি বিশ্বের ৩৫টি শহরে পেশেন্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা দেয় প্রতিষ্ঠানটি।