অগ্নিকাণ্ড: যমুনা অয়েলের এক কর্মকর্তা বরখাস্ত
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানি যমুনা অয়েলের ট্যাঙ্কারের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার বিকেলে যমুনা অয়েলের জ্যেষ্ঠ কর্মকর্তা (অপারেশন) মুশফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ট্যাঙ্কার পরিষ্কার কাজের তদারকি করছিলেন।
তদন্তে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় অবস্থিত যমুনা অয়েলের ডিপোর ভেতর ট্যাঙ্কার পরিষ্কারের সময় লাইনে আগুন লেগে নয় শ্রমিক দগ্ধ হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ট্যাঙ্কার সংলগ্ন লাইনে ওয়েল্ডিংয়ের সময় অগ্নিকাণ্ডের সূচনা হয়।
এ ঘটনা খতিয়ে দেখতে শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সকালে ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।
যমুনার ট্যাংকারে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি
