বাহুবলে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ পৌরসভার চর নূর আহমেদ এলাকার আব্দুর রহমানের ছেলে জাহির মিয়া (৩৫) ও হবিগঞ্জ পৌরসভার ঘাটিয়া বাজারের বনমালি রায়ের ছেলে রানু চন্দ্র রায় (২৬)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, ঢাকা থেকে জাফলংগামী একটি ট্রাক বাহুবল থেকে শায়েস্তাগঞ্জগামী মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে জাহির মিয়ার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রানু চন্দ্র রায়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। সিলেট নেওয়ার পথে হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বাহুবলের আখঞ্জি ফিলিং স্টেশনের কাছ থেকে ট্রাকটি আটক করেছে।
