যশোর কারাগারে বোমা রেখেছিল ‘রক্ষীরাই’
যশোর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীরাই বোমা রেখেছিল বলে তদন্ত প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান সিনিয়র জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনে সন্দেহভাজন দুই কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাক সুগন্ধার দ্বিতীয় তলা থেকে পাঁচটি বোমা উদ্ধার করে পুলিশ।
ওইদিনই কারাগারের জেলার এসএম কামরুল হুদা কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনা তদন্তে খুলনা বিভাগীয় উপ-মহাকারাপরিদর্শক (ডিআইজি) এ কে এম ফজলুল হক ২৪ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আব্দুস সালামের নেতৃত্বাধীন কমিটির অন্য দুই সদস্য হলেন- জেলার এসএম কামরুল হুদা ও ডেপুটি জেলার তানিয়া জামান।
তদন্ত কমিটির প্রধান আব্দুস সালাম জানান, নাশকতার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছিল কিনা- তা নিশ্চিত নয়। তবে কারারক্ষী জাহিদ হাসান ও মাজহারুল ইসলাম ঘটনার কয়েকদিন আগে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত ব্যারাক ছেড়ে অন্য ব্যারাকে গিয়েছিলেন, যা কারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরো জানান, তদন্ত কমিটি জাহিদ ও মাজহারুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। তবে বোমা রাখার সময় কাউকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি, তাই তাদের সরাসরি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ নেই।
জেলার এসএম কামরুল হুদা তদন্ত রিপোর্ট ডিআইজির কাছে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারে জেএমবি এবং বিভিন্ন সংগঠনের অন্তত ১৪ জন দণ্ডপ্রাপ্ত সদস্যসহ বিপুল সংখ্যক দুর্ধর্ষ ও দাগী অপরাধী রয়েছেন।
