রোববার ডিগ্রী পরীক্ষা শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা রোববার সারা দেশে একযোগে শুরু হবে।
আগামী ৫ মে পর্যন্ত রুটিন অনুযায়ী প্রতিদিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর তিন বর্ষ মিলে মোট এক হাজার ৬২৭টি কলেজের চার লাখ ৭৫ হাজার ৯৭২ জন শিক্ষার্থী ৬৬৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে ১ম বর্ষে এক লাখ ৮৩ হাজার ৫৬৯ জন, ২য় বর্ষে এক লাখ ৩৭ হাজার ৫৪৬ জন এবং ৩য় বর্ষে একলাখ ৫৩ হাজার ৬২২ জন শিক্ষার্থী অংশ নেবে।
এর বাইরে সার্টিফিকেট কোর্সে এক হাজার ১৬২ জন, বি-মিউজিকে ৭২ জন ও ক্রীড়াবিজ্ঞানে ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে একটি নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়েছে। প্রয়োজনে ৯২৯১০১৭ ও ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
