মজুরি বকেয়া রেখে বন্ধ করায় কারখানা ভাংচুর
বকেয়া মজুরির দাবিতে গাজীপুর মহনগরীর বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা একটি পোশাক কারখানায় ভাংচুর করেছে।
শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ফাইন স্টিচ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ ভাংচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ তলা ভবনে একই মালিকের ফাইন স্টিচ ছাড়াও আরো দুইটি পোশাক কারখানা রয়েছে। সে দুটোও ভাংচুরের শিকার হয়েছে।
শ্রমিকদের বরাত দিয়ে ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. একরামুল হক জানান, গত ২০ ফেব্রুয়ারি সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে ৮ দিন পর্যন্ত কারখানা বন্ধের নোটিশ দেখতে পায়।
ছুটি শেষে কাজে যোগদানের জন্য শনিবার সকালে কারখানায় গিয়ে ফটক সিলগালা করা থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
শ্রমিকরা জানায়, তাদের দুই মাসের মজুরি পাওনা রয়েছে।
একই ভবনের প্রথম-দ্বিতীয় তলায় পুশান বাংলাদেশ লিমিটেড, তৃতীয় তলায় নিউ স্টার এবং পঞ্চম- ষষ্ঠ তলায় ফাইন স্টিচ পোশাক কারখানা।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ১৯ তারিখ পর্যন্ত কারখানা চলার পর ওইদিন রাতেই কারখানা কর্তৃপক্ষ ২০ থেকে ২৮ ফেব্রয়ারি পর্যন্ত বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
নোটিশে উল্লেখ ছিল ‘১ মার্চ তাদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।’
তিনি বলেন, “কিন্তু ১ মার্চ সকালে শ্রমিকরা দেখতে পায় কারখানার গেটে তালা মেরে তাতে সিলগালা করে রাখা হয়েছে।
“পরে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং ভবনে থাকা একই মালিকের আরো দুইটি কারখানায় ভাংচুর শুরু করে।”
এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি জানান, ঘটনার পর থেকেই কারখানার মালিক এইচ এম খায়রুল আলমের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তবে বিষয়টি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ-র নেতাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে বকেয়া মজুরি না পাওয়া পর্যন্ত কারখানার ফটকে অবস্থানের ঘোষণা দেয় শ্রমকিরা।
