আলুর সিলের সেই পাসপোর্ট ফিরল বাংলাদেশে
পাসপোর্টে আলুর তৈরি সিল দিয়ে বিদেশি এক সাংবাদিককে যে ‘ভিসা’ একাত্তরে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা, ৪৩ বছর পর তা ফেরত এল বাংলাদেশে।
ভিন্ন বাংলাদেশ দেখাতে ফিরবেন একাত্তরবন্ধু
ওই পাসপোর্ট গ্রহিতা ফ্রান্সের ফিলিপ মার্ক এডওয়ার্ড আলফঁসি শনিবার তা তুলে দেন মুক্তিযুদ্ধ জাদুঘরে, যাকে বাংলাদেশের দেয়া প্রথম ‘ভিসা’ বলে মনে করছেন তিনি।
সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে এক অনুষ্ঠানে জাদুঘর কর্তৃপক্ষের কাছে মুক্তিযুদ্ধের ওই দলিল হস্তান্তর হয়।
পাসপোর্টটিতে থাকা গোল সিলের চারপাশে বৃত্তাকারে ‘দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ড, চুয়াডাঙ্গা’ লেখা। মাঝে বাংলাদেশের মানচিত্রের জমিনে লেখা ‘বাংলাদেশ’। পাশে আঞ্চলিক কমান্ডার ড. আসহাবুল হকের স্বাক্ষর। নিচে বাংলাদেশ আর্মড ফোর্সেসের আরেকটি সিল রয়েছে।
১৯৭১ সালের ৩ এপ্রিল ‘অন অ্যারাইভাল এই ভিসাটি’ দেয়া হয়েছে, যার ১৪ দিন পর শপথ নিয়েছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
বাঙালির স্বাধীনতা যুদ্ধে সংবাদ সংগ্রহে আসা ফিলিপের মতে, তার পাসপোর্টে ওই স্বাক্ষরদাতা চুয়াডাঙ্গার গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশের প্রধান প্রশাসক ছিলেন।
ফিলিপ অনুষ্ঠানে বলেন, সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংবাদ সংগ্রহে আসা অনেকে কলকাতায় এলেও যুদ্ধের ময়দানে যেতে কেউই সাহসী হচ্ছিলেন না।
“ওই অবস্থায় আমরা প্রথম বাংলাদেশে ঢুকি। আমাদের করা প্রতিবেদন পশ্চিমা জগতে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। মানুষ সত্য জানতে পেরেছিল।”
যুদ্ধের শুরুতেই পাকিস্তানি বাহিনী সীমান্তবর্তী একটি গ্রামে বোমা ফেলেছিল জানিয়ে ফিলিপ বলেন, “এরপর আমরা ভিসা পাই।
“বাংলাদেশের মানুষ তখনি বুঝতে পেরেছিল, নিজ দেশের সব কাজ নিজ হাতে করার সময় এসেছে। আমাদেরকে পাসপোর্টে সিল দেয়া সেটাই প্রমাণ করে।”
মুক্তিযুদ্ধ নিয়ে ফিলিপের মনোভাব ফ্রান্স প্রবাসী বাংলাদেশি প্রকাশ রায়কে দেয়া তার বক্তব্যে প্রকাশ পেয়েছে।
“সেটা ছিল এক অসমযুদ্ধ। পাকিস্তানিদের আকাঙ্ক্ষা ছিলো শক্তি দিয়ে জয়ী হওয়া। যখন যুক্তরাষ্ট্র এবং বেশির ভাগ পশ্চিমা দেশ পাকিস্তানকে সমর্থন করছিল, ওই অবস্থায় স্বাধীনতার দাবিতে দৃঢ় এই বাঙালি যোদ্ধারা আমার পাসপোর্টে বাংলাদেশের প্রথম অফিসিয়াল সিল দেয়।”
সেদিন বাংলাদেশে পাঠানোর জন্য ফিলিপ তার তৎকালীন কর্মস্থল ‘প্রিমিয়ের ইনফরমেশন’ এর পরিচালক পিয়ের দেগ্রোপ ও পিয়ের দ্যুমাইয়ের প্রতি কৃতজ্ঞতাও জানান।
