২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে বনভোজনের বাস উল্টে ২৪ শিক্ষার্থী আহত

রাঙামাটির কাপ্তাইয়ে একটি স্কুলের বনভোজনের বাস উল্টে অন্তত ২৪ শিক্ষার্থী আহত হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 02:02 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার বেলা সোয়া ১১টার দিকে কাপ্তাই চিৎমরম নামক স্থানে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ ঘটনা ঘটে।

কাপ্তাই থানার ওসি বেলাল হোসেন জানান, দুর্ঘটনার কবলে পড়া ওই বাসটিতে থাকা ‘নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের’ শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া স্থানীয় ‘নেভি হাসপাতালে’ ১৬ জনকে এবং সাত জনকে ‘কাপ্তাই খ্রিস্টিয়ান মিশনারি হাসপাতালে’ ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির ১২টি বাস চট্টগ্রাম থেকে কাপ্তাই যাচ্ছিল বনভোজনে। এর মধ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। বাসটিতে ৫২ জন শিক্ষার্থী ছিল।

এদিকে, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বাকলিয়া থানার নাহার ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি মো মহসিন।

এরা হলেন- বাকলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ ও কনস্টেবল মো. আলমগীর। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।