২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনাল মেডিকেলে সংঘর্ষ: চিকিৎসকদের কর্মবিরতি

রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষানবিশ চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 01:46 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার দুপুরে জজ কোর্টের পাশে অবস্থিত এই হাসপাতালে ঘণ্টাব্যাপী সংঘর্ষে চিকিৎসক-কর্মচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

হাসপাতালে শিক্ষনবিশ এক নারী চিকিৎসকের সঙ্গে এক কর্মচারীর ‘অসদাচরণকে’ কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরে বিকালে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা অভিযুক্ত কর্মচারীর বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ক্লাস বর্জনের ঘোষণা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে- অভিযুক্ত কর্মচারী জামিলকে স্থায়ী বহিষ্কার , শিক্ষানবিশ ডাক্তারদের নিরাপত্তার জোরদার, ঘটনার দায় থেকে শিক্ষানবিশ চিকিৎসকদের মুক্তি, অস্থায়ী পরিচালক এম এ সালামের অপসারণ এবং চিকিৎসকদের উপর নির্যাতন বন্ধ করা।

এবিষয়ে শিক্ষানবিশ চিকিৎসক শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস ও হাসপাতালের সব ধরণের দায়িত্ব পালন থেকে বিরত থাকব। এছাড়া রোববার সকাল থেকে হাসপাতালের সামনে অবস্থান ধর্মঘট পালন করব।”

কলেজ পরিচালনা পরিষদের সদস্য বাচ্চু মিয়া জানান, আলোচনার মাধ্যমে মঙ্গলবার কর্মচারী ও শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান করা হবে।

হাসপাতালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন ডাক্তারের কক্ষে চতুর্থ শ্রেণির কর্মচারী জামিল মদ্যপ অবস্থায় প্রবেশ করে অশোভন আচরণ করে।

পরদিন সকালে ওই শিক্ষানবিশ চিকিৎসক ও তার সহকর্মীরা হাসপাতালের পরিচালক এমএ মালেকের কাছে এবিষয়ে অভিযোগ করে বিচার দাবি করেন। খবর জানতে পেরে ক্ষুব্ধ জামিল কয়েকজন সহকর্মীকে নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক রুবেল, মুনতাসির ও আবদুল আজিজকে মারধর করেন।

এর জের ধরে শনিবার সকালে কলেজের ভেতরে শিক্ষানবিশ চিকিৎসকদের বিক্ষোভ মিছিলে কর্মচারীরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে শিক্ষানবিশ চিকিৎসকদের মধ্যে আবু হাসান রুবেল, আজিজুর, তারেক, রাকিব, সাগর, ফাত্তাহ, মুনতাসির এবং কর্মচারীদের মধ্যে জামিল, সাইফুল, বাবুল খান, ইসরাফিল, সুহেল, এরশাদ ও ইলিয়াসসহ অন্তত প্রায় ২০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে গুরুতর অবস্থায় বাবুল খানকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় হাসপাতালের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।