যমুনার ট্যাংকারে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি যমুনা অয়েলের ট্যাংকারের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি করেছে বলে সংস্থাটির চেয়ারম্যান ইউনুসুর রহমান জানিয়েছেন।
শনিবার সকালে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তার সঙ্গে থাকা বিপিসি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
অগ্নিদগ্ধ নয় শ্রমিককে দেখতে প্রতিমন্ত্রী পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও যান।
ইউনুসুর বলেন, বিপিসি’র পরিচালক (বিপনণ) রেজাউন হোসেনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সোমবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়াকে এ কমিটির প্রধান করা হয়েছে।
ইপিজেড থানা এলাকায় অবস্থিত যমুনা অয়েলের ডিপোর ভেতর ট্যাংকার সংলগ্ন পাইপ লাইনে ওয়েল্ডিংয়ের সময় শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হন নয় শ্রমিক।
যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন আহমেদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত শ্রমিকরা এখন আশঙ্কামুক্ত।
চট্টগ্রামে যমুনা অয়েল ডিপোতে আগুন, আহত ৯
