২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোলে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শুক্রবার রাতে বেনাপোল পৌরসভার বলফিল্ড এলাকায় এ হামলায় আহত সুমন হোসেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পোর্ট থানার উপ-পরিদর্শক শেখ সোয়েব আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নারাণপুর গ্রামের সুমন হোসেন কয়েকজন বন্ধুসহ বেনাপোল বল্ডফিল্ড এলাকায় বেড়াতে গেলে আচমকা ৩/৪ জন যুবক পিছন থেকে তাকে কুপিয়ে জখম করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে বেনাপোল রজনী ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সুমনের সঙ্গে থাকা উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল হোসেন বলেন, হাসান নামে এক চিহ্নিত দুর্বৃত্ত সুমনকে কুপিয়ে জখম করেছে।

এই ঘটনার প্রতিবাদে বেনাপোল পৌর ছাত্রলীগ ও শার্শা উপজেলা ছাত্রলীগ বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেছে। এসময় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং যশোর-বেনাপোল সড়কে বাস ট্রাক চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে।

এসআই শেখ সোয়েব আরো জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।