আইন বাস্তবায়নে সংশ্লিষ্টদের উদ্যোগ চান স্পিকার
দেশের বিদ্যমান আইনগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় হতাশা প্রকাশ করে এবিষয়ে উদ্যোগ নিতে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “এতো আইন কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না। দেশের আইনি কাঠামো সুসংহত করতে গেলে এই আইনগুলোর বাস্তবায়ন জরুরি।”
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
স্পিকার বলেন, “আমরা গত বছর সংসদে মাতা-পিতার ভরণ-পোষণ আইন পাশ করেছি। কিন্তু এখন পর্যন্ত বাস্তবে এর কোনো প্রয়োগ দেখা যায়নি। এই আইনের প্রয়োগ অত্যন্ত জরুরি।”
এজন্য যথাযথ উদ্যোগ নিয়ে এগিয়ে আাসার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান দেশের প্রথম নারী স্পিকার।
শিরিন শারমীন বলেন, সংবিধানের অভিষ্ট লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ। আর এই লক্ষ্য অর্জনে আইন বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে বাংলাদেশ আইন সমিতির ২৮তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্পিকার।
সংগঠনের সভাপতি একেএম আফজাল উল মুনীরের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু, বিচারপতি মেফতাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক।
