২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যমুনা অয়েল ডিপোতে আগুন, আহত ৯

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় রাষ্ট্রায়াত্ত তেল কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে তেলের পাইপে আগুন লেগে নয়জন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ইপিজেড থানার ওসি আবুল মনছুর জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমান বন্দর সড়কের গুপ্তাখাল সংলগ্ন যমুনা অয়েল ডিপোতে এ ঘটনা ঘটে।

একটি ট্যাংকারে সংযুক্ত পাইপ লাইনে ‘ওয়েলডিং’ করার সময় আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে অগ্নিনির্বাপক বাহিনীর দুটি গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার ব্রিগেডের উপ সহকারী পরিচালক জসীম উদ্দীন জানান।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- লোকমান (৫৫), খায়ের আহম্মদ চৌধুরী (৫০), শামসু (৫০), জবির (৪০), জামশেদ (৪৫), জামাল (৪০), হাসান (৫০), নাজিম উদ্দিন (৪০) ও আব্দুর রহিম (৪৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ট্যাংকার থেকে তেল সরিয়ে অন্য ট্যাংকারে নেয়ার সময় আগুন লাগে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

“ট্যাংকারে তেলের পরিমাণ কম থাকায় আরো বড় বিপর্যয় ঘটেনি।”

আহতদের মধ্যে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নিজস্ব কর্মী ও ঠিকাদারের নিয়োগ দেয়া শ্রমিক রয়েছেন বলে জানান তিনি।

ইপিজেড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ডিপোর সীমানার ভেতরে ১১ নম্বর ট্যাংকারে সংযুক্ত পাইপ লাইনে ওয়েলডিংয়ের কাজ চলছিল। কিন্তু ওই ট্যাংকার থেকে চুইয়ে তেল নিচে পড়ায় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, “আগুনে ডিপোর ভেতরের মাঠের প্রায় সব ঘাস পুড়ে গেছে। তবে ট্যাংকারে বেশি তেল ছিল না। তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”