২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে হাসপাতালে ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জের খানপুরে সরকারি হাসপাতালে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শুক্রবার ভোরে এই ঘটনার পর প্রসূতির স্বজনরা হাসপাতালে বিক্ষোভ করেছেন।

মৃত নবজাতকের বাবা বন্দর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সেলিম মিয়া জানান, ভোর ৪টার দিকে তার স্ত্রী আমেনা বেগমকে হাসপাতালে নেন তিনি।

সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নার্স ও আয়া সন্তান প্রসবের চেষ্টা করলে নবজাতকের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েন আমেনা বেগম।

নার্স ও আয়ার ভুলেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসবের চেষ্টা করা হয়েছে বলে স্বীকার করেন হাসপাতাল তত্ত্বাবধায়ক শফিউল আজম।

তিনি বলেন, রোগীকে হাসপাতালে যখন আনা হয়, তখন রোগীর জরুরি অবস্থা ছিল। তাই ডাক্তার না থাকলেও নার্স ও আয়া প্রসবের চেষ্টা করেন।

“এতে তাদের কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে,” বলেন শফিউল আজম।