২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিজয়ীর সমর্থকদের উপর হামলা

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 05:03 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

সালথা থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

দ্বিতীয় দফায় বৃহস্পতিবার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত ওয়াহিদুজ্জামান চেয়ারম্যান ও আসাদুজ্জামান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বিজয়ী চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান অভিযোগ করেন, শুক্রবার সকালে ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে তার সমর্থক শাহিন মোল্লাকে মারধর করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হেসেনের সমর্থকরা।

দুপুরে একই গ্রামে সমর্থক কুদ্দুছ মোল্যার বাড়িতেও হামলা ও ভাংচুর চালায় তারা।

তিনি বলেন, হামলায় কুদ্দছ মোল্লা (৪৮), মজিবর মোল্লা (৪০), শহীদ মাতুব্বর (৩৫), জাকির মোল্লা (৩০), দুলাল মাতব্বর (৪০), মাসুদ মোল্লা (২৮), নুরুল ইসলাম (২৫), আলামীন মোল্লা (১০) ও আক্কাছ মোল্লা (৩০) আহত হন।

আহতদের মধ্যে মাসুদকে ফরিদপুর সদর হাসপাতালে ও অন্যদের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজয়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, “আমার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সকালে কয়েকজন কর্মীকে মারধর করে ফুলের মালা কেড়ে নেয় দেলোয়ারের সমর্থকরা।

এছাড়া উপজেলার তেলী সালথা, দররা, পুরুরাসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে।