আড়াইহাজারে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোপালদী পৌরসভার বেপারীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে পিয়ার সোমবার দুপুরে বাসা থেকে বের হন।
এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তার ভাই আনোয়ার হোসেন।
গোপালদী বাজারে পিয়ারের ‘শাটার’ তৈরির তৈরির কারখানা রয়েছে বলে জানান তিনি।
গোপালদী পুলিশ ফাঁড়ির এসআই রাজি উল্লাহ জানান, শুক্রবার সকালে উপজেলার বিশ্বনন্দী এলাকায় মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়।
“ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে দুর্বৃত্তরা।”
এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে এসআই রাজি জানান।
