নোয়াখালীর ২ উপজেলায় হরতাল চলছে
দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে শান্তিপূর্ণভাবে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
সকাল থেকে দুই উপজেলায় ভারি কোন যানবাহন চলাচল করছে না। তবে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে।
উপজেলা শহরে হরতালের পক্ষে পিকেটিং বা মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের।
বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট চলাকালে কারচুপি, কেন্দ্র দখল, এজেন্টদের মারধরের অভিযোগ এনে আলাদা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন কবিরহাটের বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস ও কোম্পানীগেএঞ্জর হুমায়ুন কবির।
এসব সংবাদ সম্মেলন থেকেই শুক্রবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভপতি আব্দুল হাই সেলিম।
বৃহস্পতিবার নির্বাচনের সময় ব্যাপক গোলযোগের কারণে নোয়াখালী সদর উপজেলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
