২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাহফিলের বাস খাদে, নিহত ৩

কুমিল্লার মুরাদনগরে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে মুসল্লিদের বহনকারী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 11:10 AM

Updated : 01 Sep 2026, 12:31 PM

মুরানগর থানার ওসি নিজাম উদ্দিন জানান, শুক্রবার ভোরে সোনকান্দা দরবার শরীফের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, সোনাকান্দা দরবার শরীফের দুই দিনব্যাপী বার্ষিক ইছালে সাওয়াবের (ওরস) আখেরি মোনাজাত শেষে ভোরে ভক্তদের নিয়ে বাসটি নরসিংদী ফেরার জন্য রওনা হয়। এর কিছুক্ষণের মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে নরসিংদী জেলার রায়পুর উপজেলার টকিপুর গ্রামের মোতালেবের ছেলে শাহ আলম (৩৫) এবং একই গ্রামের কাশেম মাস্টারের ছেলে মো. আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন।

মুরাদনগর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় টকিপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোতালেবের (৭০)।

দুর্ঘটনায় বাসের আরো ২৫ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতদের লাশ ও বাসটি উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।