সাহিত্য-সংস্কৃতির বিনিময়ে সুন্দর আগামীর প্রত্যাশা
সাহিত্য চর্চার মধ্য দিয়ে প্রতিবেশিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সুন্দর আগামীর প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে সার্ক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি, প্রকৃত জীবনমুখী সাহিত্যই পারে মানুষকে হিংসা, হানাহানি, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। কূপমণ্ডুকতা থেকে দূর করতে। সুন্দর ভবিষ্যত গড়ে তোলার প্রেরণা দিতে।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “ভৌগলিক সীমারেখার মাধ্যমে আমরা আলাদা দেশ। কিন্তু, যখন আমরা সাহিত্য চর্চা করি, তার মাঝে এই সীমারেখা অতিক্রম করে একটা ভিন্ন জগতে আমরা পৌঁছে যাওয়ার সুযোগ পাই। “সাহিত্য চর্চার মধ্য দিয়ে কবি-সাহিত্যিকরা একে অপরের কাছে আসতে পারবে। এর মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে জানার সুযোগ পাবো। আমাদের জ্ঞান ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে। যার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।”
প্রতিটি সমাজের বিকাশের জন্য সাহিত্যের গুরুত্ব রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ে আসা শেখ হাসিনা।
তিনি বলেন, “আমি মনে করি, যারা সাহিত্য চর্চাকে গুরুত্ব দেবেন- সেই সমাজকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। যারা এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে নিজের জীবনকে খুঁজে পাবে- তাদের ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটবেই।” শেখ হাসিনা বলেন, “সাহিত্য ইতিহাস-ঐতিহ্যকে স্মরণ করে। ইতিহাস কথা বলে সাহিত্যের মধ্য দিয়েই, যা মানুষের মনে দাগ কাটে, প্রেরণাও যোগায়।” ‘সীমানা পেরিয়ে: আস্থায় ও মিলনে’ প্রতিপাদ্য নিয়ে এদিন সার্ক সাহিত্য উৎসব শুরু হয়।
প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ভাষা শহীদদের স্মরণ করে বলেন, “ফাগুন মাস আমাদের মাঝে ভিন্ন ধরনের অনুভূতি জাগায়। জীবন দিয়ে আমরা মাতৃভাষার মর্যাদা অর্জন করেছি। শিমুল-পলাশ ফোটা ফাল্গুন তাই বাঙালির কাছে একদিকে আবেগ ও আনন্দের মাস, অন্যদিকে দ্রোহের মাস।”
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এখানে কেউ কবি না হলেও কবি হয়ে যায়, কেউ লেখক না হলেও লেখক হয়ে যায়। অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের দেশ এই বাংলাদেশ। আমাদের প্রতিনিয়তই এখানে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয়। মানব সৃষ্ট ধারার সঙ্গে যুদ্ধ করতে হয়। প্রকৃতি দিয়েছে অফুরন্ত সম্পদ।
“আমাদের দেশে কোনো ছাত্রছাত্রী নাই, যারা তার ছাত্র জীবনে এক লাইন হলেও কবিতা না লিখেছে। কবিতার প্রভাব এমন বেশি, কোনো এক মিলিটারি ডিকটেটরও কবিতা লিখে ফেললেন। তিনিও কবিতা লিখে ফেললেন। সুতরাং আমাদের প্রকৃতির প্রভাব কতো প্রচণ্ড সেটা আপনারা উপলব্ধি করতে পারেন।” প্রকৃতির সঙ্গে বাঙালি চরিত্রের মিল রয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমরা অনেক আবেগপ্রবণ, আমরা সহানুভূতিশীল, আমরা সংবেদনশীল। আবার, পাশাপশি যখন প্রয়োজন হয় এই বাঙালিই যে কত কঠিন, কত শক্ত হতে পারে, কত শক্ত হাতে আমরা সংগ্রাম করতে পারি- সেটাও আমাদের প্রকৃতির সাথে অপূর্ব মিল আমাদের রয়ে গেছে।”
শেখ হাসিনা বলেন, “আমরা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাবো- এটাই আমাদের কথা। কোনো অন্যায় অবিচারের কাছে মাথা নত করি না। একুশ আমাদের এটা শিখিয়েছে।”
তিনি বলেন, “আমরা সব সময় মনে করি, আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবো। এর জন্য আমরা গুরুত্ব দিই, আমাদের প্রতিবেশি দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে। হয়তো কোনো কারণে কোনো প্রতিবেশি দেশের সাথে আমাদের সমস্যা থাকতে পারে। একটা জায়গায় কখনো এই সমস্যা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। সেটা হচ্ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি- এই ক্ষেত্রে কথনো কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকে না।”
একটা জাতি বা দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে শিল্প ও সাহিত্য চর্চার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা বলেন, “সংস্কৃতি আদান-প্রদান একটা বড় সেতুবন্ধের রচনা করতে পারে, যা সব কিছুর উর্ধ্বে।
“যতো রকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকুক, যতো রকমের কনফ্লিক্ট থাকুক- আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প চর্চা, আমাদের সাহিত্য, আমাদের কবিতা সবকিছুর উর্ধ্বে থাকে। এভাবে সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি”, বলেন তিনি।
সাগরে জেলেদের কষ্টের জীবনকে হরিশংকর জলদাস তার ‘দহনকাল’-এ যেভাবে তুলে এনেছেন তাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
ফকির লালন শাহ, সিরাজ সাঁই, আব্দুল করিম, রাধারমন দত্তের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারা আমাদের মনোজগতকে শাণিত করেছেন। সমাজের অনিয়মগুলো তুলে ধরেছেন। তারা অনিয়মের বিরুদ্ধে মানুষকে উজ্জীবিত করেছেন।”
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন বলে মন্তব্য করে শেখ হাসিনা।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় বক্তৃতা দিয়ে এই ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি দিয়েছিলেন। “তার পদাঙ্ক অনুসরণ করে ১৯৯৬ সাল থেকে যতোবার জাতিসংঘে ভাষণ দিয়েছি, বাংলায় ভাষণ দিয়েছি,” বলেন শেখ হাসিনা।
ফাউন্ডেশন অফ সার্ক রাইটারস অ্যান্ড লিটারেচারের বাংলাদেশ চ্যাপ্টার রাইট ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই লাইসা আহমেদ লিসা খালি গলায় জাতীয় সংগীত গান। তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মিলনায়তনে উপস্থিত সবাই কণ্ঠ মেলান। শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ আবৃত্তি করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি সৈয়দ শামসুল হক, ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের সভাপতি অজিত কাউর বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য রাখেন রাইট ফাউন্ডেশনের সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন। শুভেচ্ছা জ্ঞাপন করেন রাইট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুবানা হক। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের আমন্ত্রিত লেখক-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
