নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মর্তুজাবাদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে চার বছর বয়সী শান্তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেখানে তার ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারিফুজ্জামান।
শান্তার বাবা সাদেকুর রহমান অভিযোগ করেন, এক সপ্তাহ আগে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশি মান্নান মিয়া ও তার স্ত্রী খোদেজার সঙ্গে তাদের ঝগড়া হয়।
এর পর গত মঙ্গলবার দুপুর থেকে শান্তা নিখোঁজ হয়।
অনেক খোঁজের পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি জানিয়ে সাদেক বলেন, ওই ঝগড়ার জের ধরে তার মেয়েকে অপহরণের পর তারা হত্যা করেছে।
উপ-পরিদর্শক তারিফুজ্জামান জানান, বিকাল ৪টার দিকে মর্তুজাবাদ এলাকার মধু মিয়ার পরিত্যক্ত বাড়ির ভেতরে শিশুর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরে শান্তার পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন।
তিনি জানান, শিশুটির চোখ উপড়ে ফেলা হয়েছে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
“ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।”
নরসিংদী সদর থানার কান্দা এলাকার সাদেকুর রহমান পরিবারসহ রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার হালিম মোল্লার বাড়িতে ভাড়া থাকেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযুক্ত মান্নান মিয়া ও খোদেজা বেগমকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
