২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ভাবনা নিয়ে বই

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুকে প্রকাশিত ভাবনা নিয়ে একটি বই এসেছে অমর একুশে গ্রন্থমেলায়।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 08:33 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমিতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও সাবেক সাংসদ তানভীর শাকিল জয়ও এ সময় উপস্থিত ছিলেন।

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বইটি প্রকাশিত হয়েছে। এর ইংরেজি সংস্করণের নাম দেয়া হয়েছে সজীব ওয়াজেদের ‘থটস শেয়ারড অন ফেইসবুক অন বাংলাদেশ’ এবং বাংলা সংস্করণের নাম দেয়া হয়েছে সজীব ওয়াজেদের ‘ফেইসবুকে প্রকাশিত ভাবনা বাংলাদেশ নিয়ে’।

বইটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন লেখক।

বইয়ের শুরুতেই গত বছরের ২৭ জুলাই সজীব ওয়াজেদের ফেইসবুকে পোস্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোলাও রান্না করার ছবিটি রয়েছে।

এরপর ২ অগাস্ট ‘প্রমাণ হয়েছে জামায়াত পাকিস্তানি দল’, ৪ অগাস্ট ‘প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি’, ৭ অগাস্ট ‘লেটস টক’ অনুষ্ঠানটি নিয়ে ফেইসবুকে জয়ের মন্তব্য তুলে দেয়া হয়েছে।

এরপর পর্যায়ক্রমে ৮ সেপ্টেম্বর ‘প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ’, ১৭ সেপ্টেম্বর ‘কাদের মোল্লার ফাঁসির রায়, ২৪ সেপ্টেম্বর ‘বারাক ওবামার সাথে সাক্ষাৎ’, ১ অক্টোবর ‘সাকার মৃত্যুদণ্ড নিয়ে প্রতিক্রিয়া’, ২২ ডিসেম্বর ‘আমি ইংরেজিতে লিখি কেন’, ১৮ ডিসেম্বর ‘কাদের মোল্লার মৃত্যুদণ্ড ও পাকিস্তান’সহ ফেইসবুক জয়ের দেয়া ৪১টি মন্তব্য রয়েছে এ বইয়ে।

বইয়ের সর্বশেষ মন্তব্যটি গত ৪ ফেব্রুয়ারির, ‘আওয়ামী লীগের সিদ্ধান্ত সঠিক ছিল’ শিরোনামে এ মন্তব্য করেন লেখক।

এ বইয়ে ফেইসবুকে রাজনৈতিক ভাবনা তুলে ধরার ব্যাখ্যাও দিয়েছেন সজীব ওয়াজেদ।

‘আমার প্রকাশনী’ থেকে বেরোনো এ বইয়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন তাপস সরকার।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, “আমাদের দেশের তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সক্রিয় করতে সজীব ওয়াজেদ তার ফেইসবুকের ভাবনাগুলো বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন।

“বইটি নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে।”

উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “সজীব ওয়াজেদ তার মায়ের মতোই দেশ নিয়ে ভাবে। ফেসবুকে সে তার ভাবনাগুলো প্রকাশ করে। সে ভাবনাগুলো একত্রিত করে তার একটি বই প্রকাশ হয়েছে। একজন তরুণ প্রযুক্তিবিদ হিসেবে তার ভাবনাগুলো ছড়িয়ে পড়লে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবেন।”

সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, “স্বপ্নের বাংলাদেশ গড়তে জয়(সজীব ওয়াজেদ) আমাদের মাঝে স্বপ্নের দূত হিসেবে আবির্ভূত হয়েছেন। আশা করি তিনি তার লেখা চালিয়ে যাবেন।”

প্রবীণ এই সাংবাদিক বলেন, প্রধানমন্ত্রী নিজে প্রচুর পড়েন ও লেখেন। তার সন্তান হিসেবে সজীব ওয়াজেদও বাংলাদেশকে নিয়ে ভাবছেন এবং লিখছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “সোনার বাংলা গড়তে সজীব ওয়াজেদ জয়ের বইটি তরুণ প্রজন্মকে প্রেরণা জোগাবে। এটি সমৃদ্ধ দেশ গড়তে তাদের অনুপ্রেরণা জোগাবে।