২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ চলবে ৩ এপ্রিল পর্যন্ত

জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ৩ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার দশম সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো.জয়নাল আবেদীন জানিয়েছেন।

বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনপিবিহীন দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় গত ২৯ জানুয়ারি।স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে ৫ ফেব্রুয়ারি কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছে কার্য উপদেষ্টা কমিটি।

২৯ জানুয়ারি অধিবেশন শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।

সংসদ সদস্যরা এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,চলতি অধিবেশনে উত্থাপনের জন্য তিনটি সরকারি বিল এবং দুটি বেসরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। এছাড়া ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত  দুই হাজার ৬৪০টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য প্রশ্ন জমা পড়েছে ১৪৬টি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সদস্যদের মধ্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ,ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, জাসদের মইন উদ্দীন খান বাদল এবং আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।