মফস্বলে চিকিৎসকদের কাজ তদারকির আহ্বান মন্ত্রীর
মফস্বলে চিকিৎসকরা ঠিকমত কাজ করেন কি না তা তদারকি করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার সংসদ অধিবেশনে মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই আহ্বান জানান।
তিনি বলেন, “থানা পর্যায়ে যেসব ডাক্তার থাকেন তারা ঠিকমত কাজ করেন কি না তা দেখার দায়িত্ব স্থানীয় সংসদ সদস্যদের।”
এ বিষয়ে সংসদ সদস্যদের চিঠি দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা ডাক্তার পাঠাব। কিন্তু ডাক্তারদের রাখার দায়িত্ব সাংসদদের।”
মফস্বল এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকদের পাঠানো হলেও তারা সেখানে ঠিকমত দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ নাসিম চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে কাজ করতে নির্দেশনা দিয়েছেন। ঠিকমত দায়িত্ব পালন না করলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ কে এম মাইদুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “গত কয়েক মাসে একজন ডাক্তারও বদলি হয়নি। যত তদবিরই হোক না কেন বদলি হবে না। যে যেখানে আছে সেখানেই কাজ করতে হবে।”
তার এই বক্তব্যের পরে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “ডাক্তারদের পোস্টিং না থাকলে ধরে রাখার উপায় কি?”
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গ্রামে অনেকে (ডাক্তার) থাকতে চায় না। ইউএনও থাকতে পারলে তারা কেন পারবেন না? গ্রামে বিদ্যুৎ আছে, অনেক উন্নয়ন হয়েছে। কেন তারা (চিকিৎসক) সেখানে থাকতে পারবেন না?
“তববিরের মাধ্যমে মফস্বলে পোস্টিং দেয়া ডাক্তারা চলে (শহরে) আসে। সংসদ সদস্যদের কেউ তদবির করলে কারো কথাই শুনব না। দুই বছর থাকতেই হবে।”
মফস্বলে দুই বছর দায়িত্ব পালন করা চিকিৎসকরা প্রণোদনা ছাড়াও উচ্চ শিক্ষার সুযোগ পাবেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, “শাস্তিমূলক বদলি ছাড়া দুই বছরের আগে উপজেলা, ইউনিয়ন ও মেডিকেল কলেজ থেকে কোনো ধরনের বদলি হবে না।
“আমি অসহায় নই। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব কার্যকর করব। আপনারা (সাংসদ) আমাকে সহায়তা করেন।”
সংসদে প্রশ্নোত্তর পর্বের শুরুতেই তিন জন সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে তাদের এলাকার স্বাস্থ্যকেন্দ্রের জন্য অ্যাম্বুলেন্স ও চিকিৎসক চান।
এর জবাবে রোববার নিজের দপ্তরে সাংসদদের দেখা করতে বলে তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
এরপরে আরো কয়েকজন সংসদ সদস্য সম্পূরক প্রশ্নে অ্যাম্বুলেন্সের দাবি তুললে হাসতে হাসতে নাসিম বলেন, “মাননীয় স্পিকার সবাই দেখি অ্যাম্বুলেন্স চায়।”
তারপর অবশ্য আর কোনো সংসদ সদস্যকে নিজের দপ্তরে যেতে বলেননি। তবে বেশ কয়েকজনের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
