চট্টগ্রামের ২ উপজেলায় শান্তিপূর্ণ ভোট
কড়া নিরাপত্তার মধ্যে দক্ষিণ চট্টগ্রামের দুই উপজেলা পটিয়া ও লোহাগাড়ায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বেড়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
পটিয়া উপজেলার ১০৮টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ ৪৬ হাজার।
এখানে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে লোহাগাড়ার একটি কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হলেও ভোটগ্রহণ ব্যাহত হয়নি।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষ বিরোধে জড়িয়ে কেন্দ্রের বাইরে মারামারি করেছে। তবে এতে ভোটগ্রহণ বন্ধ ছিল না।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চুনতি ইউনিয়নের পানচিশা রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত নাগরিক কমিটি সমর্থিত বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (দোয়াত-কলম) ও বহিষ্কৃত বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের (কাপ-পিরিচ) সমর্থকদের মধ্যে মারামারি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
লোহাগাড়ায় আওয়ামী লীগের কোনো চেয়ারম্যান প্রার্থী না থাকায় নাগরিক কমিটির প্রার্থীকে সমর্থন দিয়েছে তারা।
তিন চেয়ারম্যান প্রার্থী হলেন, এলডিপির রাজনীতির সঙ্গে যুক্ত নাগরিক কমিটি সমর্থিত বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (দোয়াত-কলম), বহিষ্কৃত বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন (কাপ-পিরিচ) ও জামায়াতে ইসলামী সমর্থিত ফরিদ উদ্দিন খান (আনারস)।
এখানে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
