ফেনীতে দুই উপজেলার প্রায় সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ
ফেনী সদর ও পরশুরাম উপজেলায় প্রায় সবকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্বাচন অফিস থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার অনুষ্ঠেয় ভোটের দিন দুটি উপজেলায় তিন হাজার ১১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
জেলা রিটারিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, সদর উপজেলার ১১৯টি কেন্দ্রের সবকটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ ও ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
পরশুরামের ২৬টি কেন্দ্রের মধ্যে ২৪টি ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দুই উপজেলায় নির্বাচনে ১৪৫ কেন্দ্রে সাতশ’ পুলিশ ও দুই হাজার ১৭৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
এছাড়া কেন্দ্রের বাইরে আটজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২০ জন সেনা সদস্য, ৯০ জন বিজিবি সদস্য ও ৩০ জন র্যাব সদস্য টহল দেবে।
সদরে ১২টি ইউনিয়নে ১১৯টি ভোট কেন্দ্রে ২ লাখ ৯৯ হাজার ৬৮২ জন ভোটার।
এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরশুরামে তিনটি ইউনিয়নে ২৬টি কেন্দ্রে ৬৩ হাজার ৩৬৪ জন ভোটার ভোট দেবেন।
এখানে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন লড়ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন নাছিমা কামরুল।
