উল্লাপাড়ায় স্থগিত দুই কেন্দ্রে ভোট ৩ মার্চ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রথম পর্যায়ের নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ৩ মার্চ।
জেলা রিটানিং অফিসার কে এম আলী আজম পুনঃনির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।
জাল ভোট প্রদানের অভিযোগে উপজেলা সদরের আকবর আলী সরকারি কলেজ কেন্দ্র এবং ব্যালট বাক্স পোড়ানোর অভিযোগে সলপ ইউনিয়নের নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ দুই কেন্দ্রের মোট ভোটার ৭২৮৬ জন। এর মধ্যে আকবর আলী কলেজে ৩৪৯৯ ও নলসন্ধ্যা কেন্দ্রে ৩৭৮৭ জন।
পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান বেশি হওয়ায় ওই দিনই এ পদের ফলাফল ঘোষণা করা হয়।
এ উপজেলার ১২১টি কেন্দ্রের মধ্যে ১১৯টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মারুফ বিন হাবিব ২৬৯১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ৮৫,৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শামসুল হক পেয়েছেন ৮২,৬১৯ ভোট।
এছাড়া জামায়াত সমর্থিত জাহিদ হোসাইন পেয়েছেন ২৫,৫৯৭, স্বতন্ত্র মনিরুজ্জামান মাহফুজ পান ২৬২২ ও জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত জয়নাল আবেদিন পেয়েছেন ৫০২ ভোট।
ব্যালটসহ বাক্স পুড়িয়ে ফেলার অভিযোগে ঘটনার দিন রাতে নলসন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফরিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ শতাধিক জামায়াত-বিএনপি নেতাকর্মীর নামে মামলা করেছেন।
