২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সক্রিয়তায় প্রাণবন্ত সংসদ: স্পিকার

বিরোধী দলের ‘সক্রিয়’ অংশগ্রহণে সংসদের চলমান অধিবেশন অত্যন্ত ‘প্রাণবন্ত’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 07:13 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগ্লিলমিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্পিকার একথা বলেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পিকার ইতালি রাষ্ট্রদূতকে বাংলাদেশ জাতীয় সংসদের রীতি পদ্ধতি এবং চলমান সংসদ অধিবেশন সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, “এটি নবনির্বাচিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিরোধীদলের সক্রিয় অংশগ্রহণে চলমান অধিবেশন অত্যন্ত প্রাণবন্ত।”

অনেক বিষয়েই বিরোধীদল ভিন্নমত পোষণ করলেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করে থাকে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। সংসদে বিরোধী দলের আসনে আসে জাতীয় পার্টি, মন্ত্রিসভায়ও যাদের তিন জন নেতা রয়েছেন। গত ২৯ জানুয়ারি যাত্রা শুরু করা দশম জাতীয় সংসদে নেই আগের সংসদের প্রধান বিরোধী দল বিএনপি ও তার জোট শরিকরা।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় পার্টি থেকে এথন পর্যন্ত সরকারের সমালোচনার অন্যতম ‘হাতিয়ার’ মুলতবি প্রস্তাব জমা দেয়নি।

ইতালির রাষ্ট্রদূত শিরীন শারমিন চৌধুরীকে বলেন, ইতালিতে বাংলাদেশের বহু লোক কর্মরত আছেন। তারা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ইতালিতে স্বাস্থ্য সেবা বিশেষ করে চিকিৎসায় প্লাস্টিক সার্জারির বিশেষ সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে এসব সুযোগ গ্রহণ করতে পারে।

ইতালিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানিসহ অন্যান্য বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর  সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান স্পিকার।