পূর্ব রেলের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
পূর্ব রেলের নিয়োগে দুর্নীতির অভিযোগে সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ চা আসামির বিরুদ্ধে করা একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য নেয়া শুরু হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেণ, প্রথম দিনে মামলার বাদি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা আদালতে আংশিক জবানবন্দি দিয়েছেন।
“আদালত আগামী ৪ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।”
ইউসুফ আলী মৃধা ছাড়াও এ মামলায় হলেন- পূর্ব রেলের অতিরিক্ত প্রধান যন্ত্রপ্রকৌশলী হাফিজুর রহমান এবং নিয়োগপ্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান।
পূর্ব রেলের ফুয়েল চেকার পদে নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১০ সেপ্টেম্বর নগরীর কোতোয়ালী থানায় মামলাটি করা হয়।
নম্বর পত্রে ঘষামাজা করে উত্তীর্ণ ব্যক্তিকে অনুত্তীর্ণ এবং অনুত্তীর্ণ ব্যক্তিকে উত্তীর্ণ করার অভিযোগে তিন রেল কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ অগাস্ট দেয়া অভিযোগপত্রে দুই নিয়োগ প্রত্যাশীকে অভিযুক্ত করেন মামলার বাদি ও তদন্তকারী কর্মকর্তা এস এম রাশেদুর রেজা।
এরপর গত ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পূর্ব রেলের সহকারী কেমিস্ট পদে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের করা আরেকটি মামলায়ও গত ১৯ ফেব্রুয়ারি ইউসুফ আলী মৃধাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
